জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়াসহ সব আসামি খালাস





বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সব আসামিকে খালাস দিয়েছে আপিল বিভাগ। বুধবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

এর আগে, ১১ নভেম্বর আপিল বিভাগ, হাইকোর্টের দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি (লিভ টু আপিল) প্রদান করেন এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত রাখেন। পরবর্তীতে নিয়মিত আপিল করা হয়।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি, একটি বিশেষ আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে। এই রায়ের বিরুদ্ধে খালেদা জিয়া খালাস চেয়ে আপিল করেন এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) সাজা বাড়ানোর আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে একই বছরের ৩০ অক্টোবর হাইকোর্ট সাজা বাড়িয়ে ১০ বছর করেন।

দুদক ২০০৮ সালের ৩ জুলাই মামলাটি দায়ের করে। মামলায় অভিযোগ ছিল, বিদেশ থেকে এতিমদের সহায়তার জন্য পাঠানো ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করা হয়েছে।

মামলার শুনানিতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন, ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল এবং ব্যারিস্টার কায়সার কামাল। খালেদা জিয়া ও শরফুদ্দিনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। কাজী সেলিমুল হক কামালের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস. এম. শাহজাহান। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. আর্শাদুল রউফ ও অনিক আর. হক এবং দুদকের পক্ষে আইনজীবী আসিফ হাসান যুক্তি উপস্থাপন করেন।
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন